২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানথ্রাক্স আক্রান্ত সন্দেহে ডিএমসিতে একজন ভর্তি

অ্যানথ্রাক্স আক্রান্ত সন্দেহে পাবনার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স আক্রান্ত সন্দেহে পাবনার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনার ফরিদপুর উপজেলার মোহাম্মদ শহীদ আলী ও তার নাতনী হ্যাপিকে (১৫) মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। শহীদ আলীকে হাসপাতালে ভর্তি করা হলেও হ্যাপিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শহীদ আলীর বাড়ি ফরিদপুর উপজেলার রাউতনাগদা পাড়ায়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সঞ্জয় পোদ্দার বলেন, "শহীদ আলীর শরীরে কয়েক জায়গায় ঘায়ের মতো ক্ষত দেখা দিয়েছে। তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। তবে পরীক্ষা না করে এ বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব না।" রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অ্যানথ্রাক্স বা তড়কা মূলত গবাদিপশুর রোগ। এ রেগের জন্য দায়ী ব্যাকটেরিয়া প্রতিকূল অবস্থার মধ্যেও দীর্ঘদিন মাটিতে টিকে থাকতে পারে। সাধারণত বর্ষা শুরুর পর পানিতে মিশে এই ব্যাকটেরিয়া ভূ-পৃষ্ঠে উঠে আসে এবং ঘাসের মাধ্যমে গরু-ছাগলসহ গবাদিপশুর শরীরে প্রবেশ করে। মাহমুদুর রহমান বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গৃহপালিত পশু জবাই করলে, মাংস কাটলে বা নাড়াচাড়া করলে এ জীবাণু মানুষের শরীরে যায়। তবে মানুষ থেকে মানুষে এ রোগের সংক্রমণ ঘটে না। শুরুর দিকে ধরা পড়লে ও চিকিৎসা নিলে প্রাণনাশের ঝুঁকি থাকে না। তবে ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ঘটলে পরিণতি মারাত্মক হতে পারে। অ্যানথ্রাক্স ছড়ানো ঠেকাতে অসুস্থ পশু জবাই না করতে এবং মৃত পশু মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দেন তিনি। ঢাকা মেডিকেলে ভর্তি শহীদ আলী জানিয়েছেন, চার দিন আগে একটি অসুস্থ গরু জবাই করে মাংস কাটার পর থেকেই তিনি ও তার নাতনি অসুস্থ। আমাদের পাবনা প্রতিনিধি জানান, গত শনিবার থেকে জেলায় মোট ৯ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে আক্রান্ত হয়েছেন আরো ৩৬ জন। পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার এলাকার এক ব্যক্তি তার একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে। জবাই ও মাংস কাটার পর ওইদিনই ছয়জন এবং মঙ্গলবার আরো তিনজন অসুস্থ হয়ে পড়েন। আক্রান্তদের হাতের বিভিন্ন অংশে ঘা দেখে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স বলে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। পাবনার সাঁথিয়ার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে তার এলাকার প্রায় পাঁচশ গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধক টিকা দেওয়া হয়েছে। গত বছর সেপ্টেম্বরে সারা দেশে পাঁচ শতাধিক মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, মেহেরপুর, মানিকগঞ্জ, সাতক্ষীরা, লালমনিরহাট, রাজশাহী, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলায় অ্যাথ্রাক্স ধরা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এনআইএইচ/জেকে/০০৩৭ ঘ.