২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলায় ক্ষুর চালিয়ে হাজতির আত্মহত্যা

গাইবান্ধা জেলা কারাগারে গলায় ক্ষুর চালিয়ে এক হাজতি আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

গাইবান্ধা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা জেলা কারাগারে গলায় ক্ষুর চালিয়ে এক হাজতি আত্মহত্যা করেছেন। অবশ্য পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাকে জবাই করা হয়েছে। সাজু মিয়া (২৩) নামের ওই হাজতি ২৬ মে থেকে জেলা কারাগারে ছিলেন। নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগে তাকে ২৫ মে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে। সদর থানার ওসি মসিউর রহমান জানান, গলা কাটা অবস্থায় সকাল ১০টার দিকে সাজুকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টার দিকে তিনি মারা যান। গাইবান্ধা জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) কামরুল ইসলাম জানান, কারাগারের ভেতরে করতোয়া ভবনের ৩ নম্বর কক্ষের হাজতি ছিলেন সাজু মিয়া। সকাল পৌনে ১০টার দিকে তিনি নাপিতখানায় গিয়ে দাড়ি-গোফ কাটার কথা বলে নরসুন্দরের কাছ থেকে ক্ষুর চেয়ে নেন। এরপর বাথরুমে গিয়ে গলায় ক্ষুর চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত কারারক্ষী আতাউর রহমান তাকে নিবৃত রাখতে ঝাপটে ধরে চিৎকার করতে থাকেন। গাইবান্ধা জেল সুপার হাবিবুর রহমান বলেন, "ইতোমধ্যে কারারক্ষী আতাউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাধ্যক্ষ কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।" তবে সাজুর বাবা আবুল কাসেম আলী দাবি করেন, সাজুকে গলা কেটে হত্যা করা হয়েছে। অবশ্য এতে জড়িত কারো নাম তিনি নির্দিষ্ট করে উল্লেখ করতে পারেননি। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম বলেন, ঘটনার আলামত দেখে ধারণা করা কঠিন এটি আত্মহত্যা না হত্যা। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, যৌতুকের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৫ মে ভোর রাতে শ্বশুরবাড়ি সুন্দরগঞ্জ রামডাকুয়া গ্রামে সাজু তার স্ত্রী শেফালি বেগমকে (২০) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/কেএমএস/১৭৪৩ঘ.