ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকায় জনশক্তি রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী মাসে সেখানে পাঠানো হচ্ছে একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার বিকেলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বিওইএসএল) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, "আফ্রিকায় জনশক্তি রপ্তানির সম্ভাবনা ও চাহিদা খতিয়ে দেখতে জুনে আমরা সেখানকার চারটি দেশ সফর করবো।"
ওই চারটি দেশ হলো- কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও বতসোয়ানা।
পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে থাকবেন বিওইএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বায়রার প্রতিনিধি।
আবদুল্লাহ জানান, বেশি রেমিটেন্স পাওয়ার জন্য সেখানে দক্ষ জনশক্তি পাঠানোর চিন্তা চলছে। তবে চাহিদা থাকলে অদক্ষ জনশক্তিও পাঠানো হবে।
প্রতিনিধি দল দেশ চারটির সরকারি কর্মকর্তা, সম্ভাব্য চাকরিদাতা ও সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
জনশক্তি আমদানির নিয়মনীতিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে বিওইএসএল-এর এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, সফরে এ বিষয়ে জ্ঞান অর্জনেরও চেষ্টা থাকবে।
তিনি জানান, ২০১১ সালের এপ্রিল পর্যন্ত এক লাখ ৫৪ হাজার বাংলাদেশি বিদেশে গেছেন। এ বছর তিন লাখ ৫০ হাজার থেকে চার লাখ মানুষের বিদেশে কর্মসংস্থান হবে।
গত বছর এ সংখ্যা ছিলো তিন লাখ ৯০ হাজার।
২০১০ সালের অগাস্ট-সেপ্টেম্বরে আফ্রিকায় জনশক্তিসহ বিভিন্ন খাতে সম্ভাবনা যাচাইয়ে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিএনবি/এএল/২২২২ ঘ.
bdnews24