২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে শুভযাত্রা পরিবহনের ধর্মঘট

মানিকগঞ্জ-গুলিস্তান পথে চলাচলকারী শুভযাত্রা পরিবহনের মালিক ও শ্রমিকরা ধর্মঘট পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 08:55 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

মানিকগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ-গুলিস্তান পথে চলাচলকারী শুভযাত্রা পরিবহনের মালিক ও শ্রমিকরা ধর্মঘট পালন করছে। চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে সোমবার সকাল থেকে এ ধর্মঘট চলছে বলে জানায় পরিবহন কর্তৃপক্ষ। মানিকগঞ্জ-গুলিস্তান পথে শুভযাত্রা পরিবহনের প্রায় শতাধিক বাস চলাচল করে। বাস বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। সকালে শ্রমিকরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। শুভযাত্রা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, "শুভযাত্রা পরিবহনের ঢাকা প্রান্তের মালিক ফয়সাল ও জহির আমাদের কাছ থেকে প্রতিদিন প্রায় ৫৫০ টাকা করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলেই শ্রমিকদের মারপিট করা হয়।" শুভযাত্রা মালিক সমিতির সভাপতি মতিন মোল্লা জানান, এই পরিবহনের মানিকগঞ্জে রয়েছে প্রায় ৮০ জন মালিক এবং ঢাকায় রয়েছে মাত্র তিন-চারজন মালিক। প্রতিদিন প্রতিটি গাড়ির এক চতুর্থাংশ টাকা চাঁদা দিতে হচ্ছে। চাঁদাবাজি এবং শ্রমিক নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তিনি জানান। ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি সুরাহার জন্য মঙ্গলবার দুই প্রান্তের পরিবহন মালিকদের নিয়ে বৈঠক করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫১ ঘ.