ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বজ্রপাতে মৃত্যুবরণকারীর পরিবারকে সরকারি ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক বলেন, "বজ্রপাতও প্রাকৃতিক দুর্যোগ। সুতরাং বজ্রপাতে যারা মারা গেছেন তাদের পরিবারকে রিলিফ দেওয়া হবে।"
আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
গত কয়েকদিনে বজ্রপাতে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩ মে ১১ জেলায় ২৬ জন এবং ২৭ মে টাঙ্গাইলে এক পরিবারের চারজনসহ সাতজন মারা যান।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ 'দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত কর্মসূচি' শিরোনামের ওই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় উপস্থিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সমালোচনা করেন।
তিনি বলেন, "কোন প্রশাসনিক ইউনিট দুর্যোগ মোকাবেলায় কাজ করবে সে বিষয়টি সুনির্দিষ্ট না থাকায় কাজে সমস্যা হয়।"
আগামী কয়েক মাসের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন তৈরির আশা প্রকাশ করে সাবের বলেন, "দুর্যোগ মোকাবেলায় সরকারের দৃষ্টিভঙ্গি এবং নীতি প্রণয়নকারীদের আরো সচেতন হতে হবে।"
একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের পাশাপাশি ঢাকা মহনগরীকে দুর্যোগপ্রবণ এলাকা হিসাবে এজেন্ডাভুক্ত করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বৈশ্বিক মূল্যায়ন প্রতিবেদন ২০১১-এর মোড়ক উন্মোচন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
বাংলাদেশে দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি হ্রাসের বিষয় ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদের মধ্যে বৈশ্বিক মূল্যায়ন প্রতিবেদনের সমন্বয়কারী অ্যান্ড্রু ম্যাসক্রে, ইউএনআইএসডিআর'র এশিয়া অঞ্চলের প্রতিনিধি মাধবী আরিয়াবন্ধু, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহাসান জাকির এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/এএল/১৮২৬ ঘ.
bdnews24