২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলার রায় ১ জুন

মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির মামলার রায় হবে আগামী ১ জুন। এ মামলার আসামি সাবেক বিমান বাহিনী প্রধান জামাল উদ্দিনসহ পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির মামলার রায় হবে আগামী ১ জুন। এ মামলার আসামি সাবেক বিমান বাহিনী প্রধান জামাল উদ্দিনসহ পাঁচ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এ মামলায় আসামির তালিকায় থাকলেও উচ্চ আদালত তাকে অব্যাহতি দিয়েছে। রোববার যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ রায়ের দিন ঠিক করেন। আদালতে মামলার আসামিরা উপস্থিত ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন- অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ ইউসুফ হোসেন ও সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত এবং ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা (বর্তমান দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক) আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে নিজেরা লাভবান হওয়ার জন্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭০০ কোটি টাকা মূল্যে আটটি মিগ-২৯ কিনে আসামিরা সরকারের আর্থিক ক্ষতি করেছেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২০ অগাস্ট শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে। অভিযুক্ত অন্য জন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমান ২০০৮ সালের ৩ অগাস্ট মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪২০ ঘ.