রাজশাহী, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে একজনের মৃত্যুর অভিযোগ করেছে রোগীর স্বজনরা।
শনিবার ওই রোগীর স্বজনদের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- চিকিৎসক পরিচয়দানকারী রিয়াজ উদ্দিন (৩০), তার সহযোগী মঞ্জুর রহমান (২৫) ও হুমায়ুন কবীর (২৮)।
রিয়াজ উদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায়। তার বাবার নাম কেতাব উল্লাহ্। অপর দু'জনের বাড়ি মোহনপুর ও কাঁকনহাট এলাকায়।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার কাঁকনহাট পৌর এলাকার রসুলপুর গ্রামের লোকমানের স্ত্রী রোজিনা খাতুনের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা শুরু হলে কাঁকনহাট ইসলামিয়া ক্লিনিকে ভর্তি করা হয়।
ক্লিনিকের মালিক ডা. রিয়াজ উদ্দিন ও মঞ্জুর রহমান ওইদিনই রোজিনার অস্ত্রপচার করেন।
শনিবার বিকালে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোজিনার মৃত্যু হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, ভুল অস্ত্রপচারে রোজিনার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় রোজিনার রোজিনার বাবা আব্দুর রশিদ বাদী হয়ে রিয়াজ উদ্দিনসহ তিনজনকে আসামি করে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
রাতেই পুলিশ ওই ক্লিনিক থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওসি আরো বলেন, পুলিশের কাছে রিয়াজ উদ্দিন তার ডাক্তারি পাশের কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24