২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর আত্মহত্যার পর সুনামগঞ্জ পিটিআই শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জে এক পিটিআই শিক্ষার্থীর লাশ হল কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

সুনামগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে এক পিটিআই শিক্ষার্থীর লাশ হল কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রীকে পিটিআই'র সুপার আত্মহননের পথে ঠেলে দিয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে সুপার আবুল কাশেম মিয়া অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার রাতে শহরের জামতলার শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) শাহপরান হলের চতুর্থ তলার ২০৪ নম্বর কক্ষ থেকে অনামিকা দাসের (২২) লাশ উদ্ধার করা হয়। অনামিকা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক। এ ঘটনার পর শনিবার সকালে পিটিআই শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলে পুলিশ লাঠিপেটা করলে আহত হয় চার শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, পিটিআই'র সুপার আবুল কাসেম প্রায়ই অনামিকাকে উত্ত্যক্ত করতেন। শুক্রবার সন্ধ্যায়ও কাশেম তাকে উত্ত্যক্ত করেন। এ বিষয়টি অনামিকা তার সহপাঠিদেরও জানিয়েছিলেন। শিক্ষার্থীদের অভিযোগটি তদন্ত করা হবে বলে সুনামগঞ্জের পুলিশ সুপার গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে উত্ত্যক্ত করার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে পিটিআই'র সুপার আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের কথা বানোয়াট।" অনামিকার আত্মহত্যার কারণও তার জানা নেই বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫০০ ঘ.