ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম আল মামুন (৩৬)। তিনি পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক বলে জানিয়েছেন তার বন্ধু রণজিত বিশ্বাস।
মামুনের বাড়ি বগুড়ার কুড়িল গ্রামে। বাবার নাম চান মিয়া। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে তার লাশ সনাক্ত করেন রণজিত।
গোয়েন্দা পুলিশের দাবি, তল্লাশির সময় হেরোইনের প্যাকেট গিলে ফেলার পর মামুনের মৃত্যু হয়। তবে রণজিত বলছেন, মামুন কখনও নেশা করতেন না।
"আমি মামুনকে ছোট বেলা থেকে চিনি। সে কখনও নেশা করতো না, এসব পছন্দও করতো না।"
'দুশমনি' করে কেউ এটা করিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রণজিত জানান, ২০০৭ সালে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয় মামুনের। তারপর থেকে মামুন মিরপুরে থাকতেন। ছাড়াছাড়ির কিছুদিন পর আত্মহত্যা করে মামুনের সাবেক স্ত্রী।
মামুনের সঙ্গে কখন শেষ কথা হয়েছে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে মামুনের সঙ্গে আমার কথা হয়। পরে আবারও ফোন করলে আমি বন্ধ পেয়েছি।"
৫টার পর কোনো এক সময় গোয়েন্দা পুলিশ মামুনকে গ্রেপ্তার করে বলে রণজিতের ধারণা।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান শুক্রবার বিকালে মামুনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুনে চোখের নিচের অংশে কালো দাগ রয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল রাত সোয়া ৯টার দিকে এফডিসির সামনে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে। এ সময় গোয়েন্দা পুলিশের একজন সদস্য গাড়িতে ফেনসিডিল পাওয়ার কথা জানালে গাড়ির এক আরোহী তার হাতে থাকা হেরোইনের প্যাকেট মুখে ঢুকিয়ে দেয়।
মাসুদুর রহমান বলেন, "হেরোইনের প্যাকেট মুখে ঢোকানোর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেললে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
গাড়ির চালক আইয়ুবুর রহমান ও নজরুল নামে দুইজনকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০১৩৫ ঘ.
bdnews24