ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপ ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাত ৮টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
হযরত শাহজালাল বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্যরা।
জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
ষোড়শ বিশ্ব আবহাওয়া সম্মেলন এবং ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে গত ১৫ মে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সুইজারল্যান্ড সফর শেষে পরিবারের সদস্য এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাতের জন্য কানাডা যান তিনি।
গণতান্ত্রিক উত্তরণ এবং নারীর ক্ষমতায়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে ফ্রান্সের ডুফে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদক ও ডিপ্লোমা গ্রহণের জন্য ২৫ মে প্যারিস যান শেখ হাসিনা।
সেখানে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের ওপর ইউনেস্কো আয়োজিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে ভাষণ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/০০৩৩ ঘ.
bdnews24