ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছে দুটি আদিবাসী সংগঠন।
মঙ্গলবার নিউইয়র্ক সময় দুপুর ১টায় 'ইন্টারন্যাশনাল জুম্ম অর্গানাইজেশন' ও 'ফ্রেন্ডস অব চিটাগাং হিল ট্র্যাকটস' নামের দুটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
গত ১৬ মে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) দশম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে।
ফোরামে এশীয় অঞ্চলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে যোগ দিয়েছেন চাকমা রাজা দেবাশীষ রায়, যিনি এ পদে মনোনয়ন পাওয়া প্রথম বাংলাদেশি।
ইন্টারন্যাশনাল জুম্ম অর্গানাইজেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশে বক্তারা বাংলাদেশে আদিবাসীদের দুটি দাবি পূরণের আহ্বান জানান। তারা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি হলেও আজ পর্যন্ত এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। তাছাড়া সংবিধানে 'আদিবাসী' হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি তাদের।
বিগত সব সরকারই আদিবাসীদের অধিকার রক্ষার বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে অনীহা দেখিয়ে আসছে বলেও অভিযোগ করেন বক্তারা।
তাদের অভিযোগ, সরকার আনুষ্ঠানিকভাবেই বলছে- 'বাংলাদেশে কোনো আদিবাসী নেই'। শুধু তাই নয়, সরকারি কর্মকর্তারা আদিবাসীদের কখনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, কখনো উপজাতি হিসেবে উল্লেখ করেন।
এ ধরনের বক্তব্যের মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠন দুটি।
বুধবারের অধিবেশনে ফোরামের সাবেক সদস্য এবং সিএইচটি কমিশনের আন্তর্জাতিক তদারক সংস্থার বর্তমান সদস্য লার্জ অ্যান্ডের্স বায়ের 'পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিস্থিতির' ওপর একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করবেন।
জাতিসংঘ আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (ইউএনপিএফআইআই) বিশ্বের ৩৭ কোটি আদিবাসীর অধিকার নিয়ে কাজ করে। ১২ দিনব্যাপী এ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৩০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/০০০৫ ঘ.
bdnews24