ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পত্রিকায় নামসহ নিজের প্রতিবেদন দেখে আমার আনন্দ যেন আকাশ ছোঁয়ার স্বপ্নকে ছাড়িয়ে গেছে। এখন আমি নিজেদের কথা নিজেদের মতো করেই লিখতে পারি।
প্রতিবেদন প্রকাশের পর ঘুরে দাঁড়ানো ও উপকৃত শিশুরা আমার অহঙ্কার।
মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে শিশু সাংবাদিকদের দ্বিতীয় সম্মেলনে রংপুরের শিশু সাংবাদিক রানা এভাবেই তুলে ধরেন তার সাংবাদিকতার অভিজ্ঞতা। তিনি শিশুদের জন্য সংবাদ সংস্থা 'শিশু প্রকাশ' এ কাজ করেন।
রানার মতো দেশের সব জেলার ৬৪০ জন শিশু সাংবাদিক শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। তাদের এসব প্রতিবেদন বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
শিশুদের বলতে দাও- স্লোগানে ২০০৫ সালে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) প্রকাশ করে শিশু প্রকাশ। প্রতি জেলার পাঁচ জন ছেলে ও পাঁচ জন মেয়ে নিয়ে গঠন করা হয়েছে শিশু প্রকাশের একেকটি ইউনিট।
শিশু সাংবাদিকদের দু'দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, "বাল্য বিয়ে, ইভটিজিং ও শিশু নির্যাতন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে শিশু সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"
সাধারণ জনগণের দুঃখ-কষ্টকে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর ক্যারল ডি রয় বলেন, "সুযোগ পেলে শিশুরাও যে সৃজনশীল কাজ করতে পারে শিশু প্রকাশ তার প্রমাণ।"
শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদ ও গণমাধ্যমে আরো বেশি আলোচনা করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, এমএমসি'র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু ও ময়মনসিংহের শিশু সাংবাদিক আতিকা বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন যথাক্রমে শিশু সাংবাদিক কাবেরি সুলতানা জ্যোতি ও তারেকুল ইসলাম।
বুধবার 'শিশু অধিকার ও গণমাধ্যমে শিশু সাংবাদিকতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই সম্মেলন। এতে সব জেলা থেকে ১০ জন করে শিশু সাংবাদিক ছাড়াও ৬৪ জন দল নেতা অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/কেএমএস/১৬০৫ ঘ.
bdnews24