নাটোর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের গুলিতে নাটোরে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে রাশেদুল ওরফে রাসুকে অপহরণ করা হয়। রাত পৌনে ১০টার দিকে শহরের কানাইখালি মহল্লার জেলেপাড়া মোড়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। রাসু গাড়িখানা মহল্লার আব্দুর রউফের ছেলে।
এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে শহরের চৌকিরপাড়ে আফজাল হোসেন নামের এক যুবলীগকর্মী সন্ত্রাসী হামলায় আহত হয়। তার নেতৃত্বেই কয়েকজন যুবক রাসুকে সকালে অপহরণ করে। রাতে তাকে গুলি করে জেলেপাড়া মহল্লায় ফেলে রেখে যায়।
এদিকে আফজাল হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাকে হত্যা চেষ্টা মামলায় রাসু অন্যতম আসামি। তাকে আজ সকালে আমি তার বাড়ি থেকে ধরেছিলাম। তবে মাফ চাওয়ায় তাকে ছেড়ে দিয়েছি। এরপর থেকে সে নিজ বাড়িতে ছিল। প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য নিজেরাই তাকে হত্যা করেছে।
"তাকে প্রতিমন্ত্রীর (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার) বাড়ির অদূরে মহিলা কলেজের সাবেক ছাত্রাবাসের ভেতরে গুলি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।"
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় পুলিশ সোহরাব, সাব্বির, রিপন, সুভাষ কুমার ও গৌতম চন্দ্র দাসকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24