সাতক্ষীরা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ভোমরা সীমান্তে ইছামতি নদীর চর থেকে ভারতীয়দের বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে বিএসএফ।
সোমবার পতাকা বৈঠককালে বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ ভারতীয়দের বালু উত্তোলন বন্ধ করে দেয়।
ভোমরায় আন্তর্জাতিক স্থল সীমানা পিলার ১ এর কাছে ইছামতি নদীর পাড়ে সোমবার বেলা সাড়ে ১১টায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুনছুর হেলাল বিজিবির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহুকমার গোয়ালপাড়া ৪৭ বিএসএফ এর ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এস এস গর্চা।
সুবেদার মুনছুর হেলাল সাংবাদিকদের জানান, ইছামতির বালুর চর থেকে ভারতীয়রা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল। এর প্রতিবাদে সোমবার সকালে বিএসএফ'র কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে পত্র পাঠানো হয়। সে অনুযায়ী এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি ভারতীয়দের বালু তুলে নিয়ে যাওয়ার কড়া প্রতিবাদ জানায়।
তিনি আরো জানান, বিজিবি'র পক্ষ থেকে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার জন্য বিএসএফকে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১২ ঘ.
bdnews24