ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধাদের নাতি অথবা নাতনিদের নিয়োগের ক্ষেত্রে তাদের সনাক্ত করার পদ্ধতি নির্ধারণ করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার সরকারি এক বিজ্ঞপ্তিতে এ পদ্ধতি প্রকাশ করে। এতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নাতি বা নাতনি (সন্তানদের সন্তান) সনাক্ত করতে এ পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান (ছেলে ও মেয়ের ছেলে বা মেয়ে) হিসেবে চাকরির আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে বাবা ও মায়ের নাম এবং আবেদনকারীর দাদা-দাদি এবং নানা-নানির নাম থাকতে হবে। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
ম্ুিক্তযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার ছেলে বা মেয়ের সন্তানদের আবেদনের সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র বা কাউন্সিলরের দেওয়া এ সংক্রান্ত সনদ জমা দিতে হবে।
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাসের চাকরির জন্য ওই পরীক্ষার সনদ এবং এর নিচে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
চাকরিতে চূড়ান্ত নির্বাচনের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব সনদের মূলকপি যাচাই করে সত্যতা সম্পর্কে সুনিশ্চিত হবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়াও চাকরিতে নিয়োগ দেওয়ার আগে পুলিশের মাধ্যমে এসব তথ্য যাচাই ও পরীক্ষা করে দেখা হবে। এ সংক্রান্ত বিষয়গুলো ওই যাচাই ফরমে উল্লেখ থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশের যাচাই প্রতিবেদন (ভেরিফিকেশন রিপোর্ট) এবং সনদের তথ্যের অমিল ধরা পড়লে নিয়োগকারী কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতেও এসব আবশ্যকীয় এবং অন্য যোগ্যতা ও প্রক্রিয়ার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮০৯ ঘ.
bdnews24