২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবনের কারণে ধস-ফাটল

তেজগাঁওয়ের নাখালপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কারণে আশপাশের এলাকায় ধস ও ফাটল দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 04:02 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

মহসীনুল করিম ও কামাল হোসেন তালুকদার ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের নাখালপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কারণে আশপাশের এলাকায় ধস ও ফাটল দেখা দিয়েছে। এতে ধসে পড়েছে চারটি টিনশেড ভবন ও একটি রাস্তা। আহত হয়েছেন চার জন। আশপাশের বেশ কয়েকটি ভবন রয়েছে ঝুঁকিতে পড়ায় ধস ঠেকাতে মাটি ও বালুর বস্তা ফেলা হচ্ছে। ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই নির্মাণাধীন ভবনে পাইলিংয়ে ত্র"টির কারণে এ ধস সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজউক ও অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজউক। শনিবার প্রথম প্রহরে চ্যানেল আই ভবনের কাছের এলাকায় ধস সৃষ্টি হওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনী আশপাশের বেশ কয়েকটি ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেয়। বেসরকারি ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলী জহির আল আমিন। হাসপাতালের অন্যতম পরিচালক খালেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, ইসলামিক ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড (আইটিসিএল) এ ভবনটি নির্মাণ করছে। তাজউদ্দিন সড়কের পাশের চ্যানেল আই ভবনের পশ্চিমপাশের কয়েকটি ভবনের পরের প্লটে (৩০৪/ই, তেজগাঁও) ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ চলছে। নির্মাণাধীন ওই ভবনের পশ্চিম-উত্তর প্রান্তে ধস ও ফাটল দেখা দিয়েছে। মধ্যরাতেই নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার টিনশেড ঘরটি পাইলিংয়ের জন্য খোঁড়া গর্তে পড়ে যায়। নির্মাণ শ্রমিকরা জানায়, সেখানে মাটি খোঁড়ার কাজ চলছে অনেক দিন ধরেই। আশেপাশের মাটি যেন ভেঙে না যায়, সেজন্য সেখানে ৫০ ফুট পিলার স্থাপন করে মাটি আটকানো হয়েছে। তবে এসব পিলারের একদিকের অংশ একেবারে বাইরে বেরিয়ে এসেছে খুব কাছাকাছি ৪০ ফুট মাটি খোঁড়ার কারণে। এ কারণেই এসব পিলার অকার্যকর হয়ে পড়ে। ওই এলাকায় কর্তব্যরত আনসার সদস্য শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দ হয়। প্রথমে পিলারগুলো ধসে পড়ে। এরপরই পাড়ের মাটি গর্তে ধসে পড়ে। শ্রমিকদের থাকার জন্য নির্মিত একটি টিনশেড ঘর ধসে যায়। আহত হয় চার জন শ্রমিক। তারা হলেন- আলী হোসেন, রুস্তম, বাকের ও বশির। আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ শব্দ শুনেই আমরা দৌড়ে বেরিয়ে যাই। কিন্তু সবাই বের হওয়ার আগেই ঘরটি ধসে পড়ে।" রুস্তম বলেন, "ঘটনার সময় ঠিকাদারের এক লোক ফোনে দ্রুত আমাদের বেরিয়ে যেতে বলেন। বেরিয়ে যেতে যেতেই পুরো থাকার ঘরটি ভেঙে যায়। আমাদের কাপড়-চোপড় ও টাকা-পয়সা সব চলে গেছে। কেউ কিছু নিতে পারিনি।" মাটি কাটার দুটি যন্ত্রও চাপা পড়ে বলে জানান রুস্তম। এরপর ভোর ৪টার দিকে ভবনের উত্তর পাশের তিনটি টিনশেড ঘর ও কনক্রিটের রাস্তা ধসে পড়ে বলে স্থানীয়রা জানায়। এরপর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা আশপাশের ভবনের বাসিন্দাদের সরে পড়তে বলে। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনটি ঘর ধসে পাইলিংয়ের জন্য খোঁড়া গর্তে পড়ে গেছে। নির্মাণাধীন ভবনের উত্তর পাশে একটি ৫ তলা ও পশ্চিম পাশের আরেকটি ৫ তলা ভবনসহ অনেক ঘর ও বিস্তৃত আবাসিক এলাকা রয়েছে। আশপাশের অন্তত ১৩টি বাড়িতে কোনো লোকজন দেখা যায়নি। পশ্চিম পাশের ৫ তলা ভবনের মালিক আব্দুল মান্নান পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছয় মাস আগে থেকে এ ভবনের কাজ শুরু হয়। তারা অনেক গভীর গর্ত করে কাজ করছিলো। আমরা মানা করলেও শোনেনি।" সকালে পুলিশ, দমকল বাহিনী, রাজউক কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও ভবন মালিক কিংবা নির্মাণকারী প্রতিষ্ঠানের কাউকে দেখা যায়নি। দুপুরে আসেন পরিচালক খালেদা ইয়াসমিন। তিনি সাংবাদিকদের জানান, ৮০ জন চিকিৎসক মিলে এ মেডিকেল কলেজ গড়ে তুলছেন তারা। এর নির্মাণ করছে দিলকুশার ইসলামিক ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড (আইটিসিএল)। "তবে ঘটনার পর থেকে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না", বলেন খালেদা। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা সাংবাদিকদের বলেন, "সয়েল টেস্ট ও পাইলিং কাজের ত্র"টির কারণে এ ঘটনা ঘটেছে। এর জন্য ভবন মালিক, প্রকৌশলী ও নকশাবিদের বিরুদ্ধে মামলা হবে।" ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেন দিতে বলা হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীর পরিচালক (প্রশাসন ও অর্থ) এম আব্দুস সালাম সকালে সাংবাদিকদের বলেন, "ধস ও ফাটলের কারণে কয়েকটি বাড়ির গ্যাস সরবরাহের লাইন ফেটে গেছে। সাবধানতার কারণে আশপাশের সবাইকে আগুন না জ্বালাতে বলা হয়েছে।" এখন আশপাশের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে জানিয়ে তিনি বলেন, সবাইকে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। অগ্নি নির্বাপক বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহও সকালে ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, "আশপাশের ভবনগুলো রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এ জন্য ব্যাপক প্রস্তুতিও দরকার।" ধস ঠেকাতে দুপুরে শুরু হয় গর্তে মাটি ফেলা। সেনাবাহিনী ও ঢাকা সিটি কর্পোরেশনের গাড়িতে করে মাটি আনা, ফেলা ও সমান করার কাজ রাত পর্যন্ত চলছিলো। হাতিরঝিল প্রকল্পের কাজে নিয়োজিত সেনাবাহিনীর একটি দল প্রথমে এ কাজ শুরু করে। পরে আরো সেনা সদস্য এতে যোগ দেয়। হাতিরঝিল প্রকল্প পরিচালক কর্নেল আবু সাঈদ সাংবাদিকদের বলেন, এভাবে পরিস্থিতি আপাত সামাল দেওয়া হচ্ছে। গর্তে প্রথমে মাটি ফেলা হচ্ছে। এরপর বালুর বস্তা দেওয়া হবে। রাজউক চেয়ারম্যান জানান, এ কাজ শেষ হতে প্রায় ২৪ ঘণ্টা লাগবে। ঘটনাস্থলের উত্তর দিনের বাড়িগুলোর দেওয়ালে দীর্ঘ ফাটল দেখা যায়। এসব ভবনকে কিছুটা হেলে পড়াও দেখা যায়। তবে সেনা ও অগ্নি-নির্বাপক বাহিনীর ব্যবস্থাপনায় মাটি ভরাটের কাজ শেষ হলে এসব ভবন ঝুঁকিমুক্ত হবে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর পরিচালক এমএম মতিউর রহমান। ঘটনা শুরুর পরই অগ্নি-নির্বাপক বাহিনীর তেজগাঁও ইউনিটের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। এরমধ্যেই সেনা সদস্যরাও চলে আসেন। ভোরে তিনটি বাড়ি ভেঙে পড়ার পর উভয় বাহিনীর সদস্যরাই উদ্ধার কাজ চালায়। অগ্নিনির্বাপক বাহিনীর নিজস্ব কর্মীদের পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেওয়া স্বেচ্ছাসেবীরাও কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রোববারই ১৫০ জন স্বেচ্ছাসেবী উদ্ধার কাজে যোগ দেবে বলে জানিয়েছেন বাহিনীর পরিচালক মতিউর রহমান। ঘটনার পর থেকেই পুরো এলাকায় লোকজনের ভিড় জমে যায়। সকালে অফিসের কারণে লোকজনের উপস্থিতি কিছুটা কম থাকলেও বিকালের দিকে জনসমাগম বাড়তে থাকে। এসময় উৎস্যুক জনতাকে সামলাতে সেনাবাহিনী ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। স্থানীয়রা জানায়, যে জমিতে সাত মাস আগেও পুকুর ছিলো। তার ওপর মাটি ভরাট করেই ভবন তৈরির কাজ চলছিলো। নাখালপাড়া সমিতি বাজারের ৮০ বছর বয়সি সমির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর নাম ছিলো জর্জের পুকুর। আমরা ছোট বেলায় এ পুকুরে গোসল করেছি, মাছ ধরেছি। পরে এর নাম শর্ষিনার পীর সাহেবের পুকুর নামে পরিচিতি লাভ করে।" সাত মাসের মধ্যে একটি পুকুর ভরাট করে ১৪ তলা ভবন নির্মাণ কতটুকু যৌক্তিক- জানতে চাইলে রাজউক চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সময় ব্যাপার না, সাগরেও এক সপ্তাহের মধ্যে ভবন তৈরি করা যায়। যদি সঠিকভাবে তা তৈরি করা হয়।" "ভবন তৈরিতে সাধারণত চারটি বিষয়ের দিকে লক্ষ রাখতে হয়। এক মাটির পরীক্ষা, ডিজাইন করা, কন্সট্রাকশন ডিজাইন ও ভবন তৈরি। প্রত্যেক ধাপে সঠিক পদক্ষেপ নিলে এ দুর্ঘটনা ঘটতো না", বলেন তিনি। সঠিক পরিকল্পনা না করে ভবন তৈরি করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে বলেও জানান প্রকৌশলী হুদা। হাতিরঝিল প্রকল্প পরিচালক কর্নেল আবু সাঈদ মোহাম্মদ বলেন, ভবনটির উত্তর দিকে পাইলিং করার সময় পানি নির্গত হচ্ছিলো। সংশ্লিষ্টরা তাতে নজর না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ভবনের মাটিকাটার ঠিকাদার মো.সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৫-১৬ দিন আগেই ভবনের আশপাশে ফাটল ধরেছিলো। মালিকপক্ষকে জানালেও তারা বলতো- 'কিছুই হবে না'।" খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) নগর ঝুঁকি হ্রাস বিশেষজ্ঞ এএসএম মাকসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমনিতেই ঢাকা শহর বর্তমানে রয়েছে ভূমিকম্পের ঝুঁকিতে। এর মধ্যে দক্ষ ও প্রশিক্ষিত প্রকৌশলী, নকশাবিদ ও কর্মী ব্যবহার না করায় ভবনটির নির্মাণ চলাকালেই পাশের ভবনগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। ভবনটি নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ আইনও যথাযথভাবে মানা হয়নি, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের এ অধ্যাপক। ধসে পড়া আধাপাকা টিনশেড ঘরের মালিকরা থানায় মামলা করেছে কি না জানতে চাইলে শিল্পাঞ্চল থানা ওসি মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "তারা আমাকে মৌখিকভাবে জানিয়েছে। আমি বিষয়টি লিখিতভাবে জানাতে অনুরোধ করেছি।" ধসের কারণে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না- প্রশ্ন করা হলে নূরুল হুদা বলেন, "এটা রাজউক দেবে না। দেবে দায়ী ভবনের (ইমপালস কর্তৃপক্ষ) মালিক। তবে রাজউক এতে মধ্যস্থতা করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমকে/এমআই/১৯২৬ ঘ.