লালমনিরহাট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে লালমনিরহাট থেকে দেশে ফিরলেন ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী নন্দলাল রায়।
শুক্রবার দেশে ফেরার আগে বুড়িমারী স্থলবন্দরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, 'ভুটান-বাংলাদেশের বন্ধুত্ব অনেক দিনের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভুটানই বাংলাদেশকে সর্বপ্রথম সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়। একযোগে কাজ করার আগ্রহ থেকেই আমরা সৈয়দপুর ও লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করেছি।"
নন্দলাল রায়ের নেতৃত্বে ভুটানের ১১ সদস্যের প্রতিনিধি দলটি গত বৃহস্পতিবার সৈয়দপুর ও লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করে। এর মধ্যে যে কোনো একটিকে আন্তজার্তিক ট্রানজিট বিমানবন্দর হিসেবে ব্যবহার করতে চায় দেশটি।
শুক্রবার সকালে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ভুটানের প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া বুড়িমারী স্থলবন্দরও পরিদর্শন করেন তারা। পরে সড়কপথে প্রতিনিধি দলটি ভুটানের উদ্দেশ্যে বুড়িমারী স্থলবন্দর ত্যাগ করে।
এ সময় বাংলাদেশের পক্ষে ছিলেন পর্যটন ও বিমান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফতাব উদ্দিন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, নীলফামারীর জেলা প্রশাসক জিল্লুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২০৪ ঘ.
bdnews24