টাঙ্গাইল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-টাঙ্গাইল সদর উপজেলা থেকে শুক্রবার সকালে দু'টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরমধ্যে বাঘিল ইউনিয়নের পিচুটিয়া গ্রামে একটি গলাকাটা এবং ঘারিন্দা বাইপাস এলাকা থেকে গাছে বাঁধা এক তরুণীর লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, গলাকাটা লাশটি পিচুটিয়া গ্রামের মজিফ উদ্দিন তালুকারের (৪৫)। মেয়টির পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট উত্তম প্রসাদ পাঠক জানান, বৃহস্পতিবার রাতে মফিজ বাড়ি থেকে বের হয়ে আর আসেননি। শুক্রবার সকালে ধান ক্ষেতে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মফিজের লাশ পাওয়া যায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, মফিজ বিদ্যুতচালিত অগভীর নলকূপ দিয়ে জমিতে সেচ দিতেন। তার চাচাতো ভাইয়েরা মফিজকে তার নলকূপে দেওয়া বিদ্যুতের লাইন থেকে পাশের বাড়িতে সংযোগ দিতে চাপ দিয়ে আসছিলেন।
এ নিয়ে দু'পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাঙ্গাইল সদর উপজেলায় ঘারিন্দা বাইপাসের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশটি গাছের সঙ্গে বাঁধা ছিল।
ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দু'টি মর্গে পাঠিয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১২৬ ঘ.
bdnews24