শেরপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলা উপজেলায় এক লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার চর কৈয়া গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার আমির হোসেন বিষু (৩৮) চর কৈয়া গ্রামের রজব আলীর ছেলে।
জামালপুর র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামাল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চর কৈয়া গ্রামের আমির হোসেন বিষুর বাড়ি থেকে এক লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২৫০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরে বিষুকে নকলা থানায় সোপর্দ করে র্যাব-১২ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মিরাজ উদ্দিন বাদী হয়ে রাতেই একটি মামলা করেন।
আদালত পরিদর্শক একেএম আলীনূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান শুক্রবার বিষুকে আদালতে হাজির করেছে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠিয়েছে।
এদিকে বিষু সাংবাদিকদের বলেন, উদ্ধার করা টাকাগুলো ফটোস্ট্যাট করা। তার কাছে কোনো জাল টাকা তৈরির সরঞ্জামও নেই বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৮ ঘ.
bdnews24