মাদারীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাওড়াকান্দি-মাওয়া নৌরুটের রো রো ফেরি শাহ মখদুমে আগুন লাগার ঘটনায় ফেরির পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত আদেশের চিঠি বৃহস্পতিবার সকালে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি'র কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই পাঁচজন হলেন ফেরির চীফ মাষ্টার ইনচার্জ ইদ্রিস হোসেন সিরাজী, দ্বিতীয় মাষ্টার আবদুল মান্নান, প্রধান ইঞ্জিন কর্মকর্তা আবদুল মান্নান মিয়া, দ্বিতীয় ইঞ্জিন কর্মকর্তা মো. জসিমউদ্দিন এবং হুইল সুকানি ইমাম হোসেন।
আবদুল বাতেন বলেন, "বিআইডব্লিউটিসির চীফ পারসোন্যাল ম্যানেজার মফিজুল ইসলাম টুলু স্বাক্ষরিত বরখাস্তপত্র বৃহস্পতিবার সকালে তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।"
আবদুল বাতেন জানান, গত ১৩ মে কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে পদ্মার মাঝখানে শাহ মখদুম ফেরির চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যর কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি রিপোর্ট পেশ করার পর কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৭ ঘ.
bdnews24