২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব বিলুপ্তির চক্রান্ত হচ্ছে: প্রতিরক্ষা উপদেষ্টা

র‌্যাবকে ব্যর্থ ও বিলুপ্ত করতে চক্রান্ত হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী বলেছেন, একটি গোষ্ঠি ও এনজিও এর সঙ্গে জড়িত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবকে ব্যর্থ ও বিলুপ্ত করতে চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী বৃহস্পতিবার বলেছেন, "র‌্যাবকে ব্যর্থ ও বিলুপ্ত করতে চক্রান্ত হচ্ছে। একটি গোষ্ঠি ও এনজিও এর সঙ্গে জড়িত।" একটি জাতীয় দৈনিকের সম্পাদক 'এ সব কাজে' সম্পৃক্ত বলেও দাবি করেন তারেক সিদ্দিকী। তিনি বলেন, "তবে, ওই সম্পাদকের সম্পর্ক আছে- তা ঘটনাপ্রবাহ প্রমাণ করে। যারা ২১ অগাস্ট গ্রেনেড মেরেছিলো, যারা আদেশ দিয়েছিলো এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তার মধ্যে ওই সম্পাদকের নাম চলে আসে। জঙ্গি সহায়তার জন্য ওই সম্পাদকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।" প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের এ সব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে তিনি কোনো পত্রিকার নাম বলেননি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র‌্যাব। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এ বাহিনীর বিরুদ্ধে বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। গত পাঁচ বছরে এক হাজারেরও বেশি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এ বাহিনীকে দায়ী করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। এর মধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত যেমন রয়েছে, তেমনি নিরাপরাধ লোকও রয়েছে বলে অভিযোগ। ' এরা স্পেসিফিক এজেন্ডা নিয়ে আসে' র‌্যাব বিলুপ্ত করতে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ ওয়াচের আহ্বান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "হিউম্যান রাইটস্ ওয়াট র‌্যাব সম্পর্কে যা বলেছে- তা তারা বলতে পারে না। "এরা আসলে একটা স্পেসেফিক এজেন্ডা নিয়ে আসে।" গত ১০ মে হিউম্যান রাইটস ওয়াচ দাবি করে, হত্যা ও নির্যাতনের ছাড়পত্র নিয়ে র‌্যাব কাজ করছে। সন্ত্রাস দমনে গঠিত বিশেষ এ বাহিনীকে বিলুপ্ত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। একইসঙ্গে এ বাহিনীর প্রতি সমর্থন তুলে নিতে আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের মুখে থাকা র‌্যাব বাহিনীর প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা বন্ধ করতে এর আগেও আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক এ সংগঠনটি। গত ডিসেম্বরে উইকিলিকস প্রকাশিত বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো গোপন তারবার্তার একটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাজ্য র‌্যাবকে প্রশিক্ষণ দিয়েছিলো এবং যুক্তরাষ্ট্র র‌্যাব ভেঙে দেওয়ার বিপক্ষে। ' সে পত্রিকা বিপদে র‌্যাবের কাছে যায়' যে পত্রিকা লিমনকে নিয়ে বেশি লেখালেখি করছে সে পত্রিকা বিপদে পড়লে র‌্যাবের কাছে যায়- এ দাবি করে তারেক সিদ্দিকী বলেন, "এর আগে পত্রিকাটি যখন পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিলো এবং কাফনের কাপড় পাঠানো হয়েছিলো তখন র‌্যাব তাদের সহায়তা করেছে। ওই সম্পাদকের পারিবারিক সমস্যাও র‌্যাব সমাধান করেছে।" তারেক সিদ্দিকী প্রশ্ন রেখে বলেন, "তার [ওই সম্পাদক] স্বার্থে কোথায় আঘাত লাগলো? বুঝতে পারছি না- উনি পার্ট অব জঙ্গি কি না ?" তিনি বলেন, র‌্যাব রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে কাজ করছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে জরিপ করে দেখেছেন- শতকরা ৯৫ ভাগ জনগণ র‌্যাবের পক্ষে। ঝালকাঠীর রাজাপুরে লিমন হোসেন নামে এক তরুণ গত ২৩ মার্চ র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হয়। গুলিবিদ্ধ লিমনের দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮০৫ ঘ.