২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ২৮ রুটে বাস ধর্মঘট

আলাদা টার্মিনাল স্থাপনসহ ১১ দফা দাবিতে উত্তর চট্টগ্রামের ২৮টি রুটে পরিবহন ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা টার্মিনাল স্থাপনসহ ১১ দফা দাবিতে উত্তর চট্টগ্রামের ২৮টি রুটে পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা উত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা এ ধর্মঘটের কারণে চট্টগ্রামের তিনটি জেলার ছোট-বড় সড়কগুলোতে গাড়ি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে এ সব রুটের যাত্রীরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন দাবিতে মালিক-শ্রমিকরা যৌথভাবে এ ধর্মঘট পালন করছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম মহানগরীর সঙ্গে রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনীসহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ধর্মঘটীদের দাবির মধ্যে আরো রয়েছে- দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দেওয়া বন্ধ, গাড়ির যন্ত্রাংশের দাম কমানো ইত্যাদি। মৃণাল বলেন, "াসড়ক পুলিশ কর্তৃক যানবাহন শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ, যানবাহনের যন্ত্রাংশের দাম কমানোসহ বিভিন্ন দাবি আমরা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে করে আসছিলাম। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ধর্মঘটে গেছি।" সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি পূরণ না হলে আগামী ২১ মে সভা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩১০ ঘ.