ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের সংঘর্ষের জন্য সেনা সমর্থিত সরকারের রাজনৈতিক অভিসন্ধি ও সেনাবাহিনীর 'অসংযত' আচরণকে দায়ী করে সংসদীয় উপকমিটিতে বক্তব্য রেখেছেন সেই সময়ে ছাত্রনেতা ও শিক্ষার্থীরা।
সংসদ ভবনে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত ১৬ জন ছাত্রনেতা ও তিন শিক্ষার্থীর বক্তব্য শোনেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির উপকমিটি।
শিক্ষার্থীরা বলেছেন, জরুরি অবস্থার সুযোগ নিয়ে তৎকালীন সেনা কর্মকর্তারা সে সময় অসংযত ও উদ্ধত আচরণ করেন। ছাত্র ও শিক্ষকদের ওপর নির্যাতনের জন্য দায়ী সেনা সদস্য ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের শাস্তির সুপারিশ করছেন তারা।
বৈঠকের পর কমিটির প্রধান রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, "ছাত্রদের প্রায় সবাই ওই সময়ের ঘটনার জন্য সেনা সমর্থিত তৎকালীন সরকারকে দায়ী করে বক্তব্য রেখেছেন।"
তৎকালীন ছাত্রনেতা ও শিক্ষার্থীরা কমিটিকে বলেছেন, রাজনৈতিক অভিসন্ধি থেকে ওই সংঘাত বাঁধানো হয়।
মেনন বলেন, সুদূর প্রসারী কোনো উদ্দেশ্য হাসিলের জন্যই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও আন্দোলনকে পরিকল্পিত নির্যাতনের মধ্য দিয়ে দমন করা হয়েছিল।
২০০৭ এর অগাস্টে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ বহু শিক্ষার্থীকে আটক করা হয়। শত শত শিক্ষার্থী সে সময় সেনা সদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ওই ঘটনা তদন্তে গত বছর অগাস্ট মাসে সংসদীয় কমিটি এ উপকমিটি গঠন করে।
সংঘর্ষ 'বাঁধানোর' উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কমিটির প্রধান রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, "শিক্ষার্থীদের কথা থেকে যেটা বেরিয়ে এসেছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশান খর্ব করা, শিক্ষক-ছাত্র রাজনীতি বন্ধ করা করা এবং একটি নিয়ন্ত্রক বাহিনী প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা।
"ছাত্রনেতারা বলেছেন, এর ভেতর দিয়ে তারা চেয়েছিল ছাত্রদের মেরুদণ্ড ভেঙে দিয়ে স্থায়ী ভিত্তিতে একটি স্বৈরাচারী ব্যবস্থা চালু করতে।"
যারাই এর সঙ্গে যুক্ত থাকুন না কেনো, তাদের প্রকাশ্যে নিয়ে এসে বিষয়টি স্পষ্ট করা এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা- মেনন জানান।
তিনি বলেন, "উপ কমিটির তরফ থেকে এ সব সুপারিশ আমরা কমিটিকে জানাবো। (ওই সময় সংঘর্ষ ও নির্যাতনে আহত) অনেক শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন। তাদের চিকিৎসার বিষয়ে সরকার যাতে ব্যবস্থা নেয়- সে সুপারিশও করবো।"
উপ কমিটির আরেক সদস্য শাহ আলম বলেন, "সামরিক শাসন জারির পরিকল্পনার অংশ ছিল এটি। ছাত্ররা আমাদের সঙ্গে একমত যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবৃত্ত গেলে দেশের সকলকে নিবৃত্ত করা যাবে। সামরিক বাহিনীর এ ধারণা থেকে ওই ঘটনা ঘটেছে।"
ছাত্রদের কারণে মাঠে খেলা দেখতে পারছে না- এমন বিষয়কে কেন্দ্র করে ওই ঘটনা অসম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।
উপকমিটি ওই ঘটনার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকেও তলব করে। তাদের আগামী ৫ জুন উপ কমিটির বৈঠকে হাজির হতে বলা হয়। তবে তারা উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন।
মেনন জানান, শিক্ষার্থীরা তাদের লিখিত বক্তব্য উপ কমিটির কাছে উপস্থাপন করেছেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: সংগঠনটি লিখিত বক্তব্যে জানিয়েছে, জরুরি অবস্থার সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত তৎকালীন সেনাকর্মকর্তাদের আচরণ ছিল অসংযত ও ঔদ্ধত্যপূর্ণ।
২০০৭ সালের আগস্টের ওই আন্দোলনকে 'নিপীড়নের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদের স্বতঃস্ফূত ও স্বাভাবিক প্রকাশ' উল্লেখ করে দলটির নেতারা বলেছেন, ছাত্র-শিক্ষকের উপর নির্যাতনের জন্য দায়ী সেনা সদস্য ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের শাস্তির সুপারিশ করতে হবে।
বাংলাদেশ ছাত্রলীগ: সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা বলেছেন, তৎকালীন অবৈধ সরকারের ক্ষমতা পোক্ত করার জন্যই এটা ঘটানো হয়।
সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করা প্রয়োজন।
ছাত্রদল: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ আশঙ্কা প্রকাশ করেছেন, উপ কমিটির এই তদন্ত 'নামমাত্র' হয়ে থাকতে পারে।
সভাপতি হাসান মামুন জানান, ৫টি বিষয়ে উপস্থিত সব ছাত্র নেতা যৌথ সুপারিশ করেছেন। নির্যাতিদের চিকিৎসা খরচ, দোষী ব্যক্তিদের শাস্তি, সেনা বা জরুরি অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষরকরা যাতে আক্রান্ত না হন, সে জন্য আইন প্রণয়ন, ছাত্রদের কমন প্ল্যাটফরম প্রতিষ্ঠা ও ছাত্র সংসদ কার্যকর করা।
ছাত্র মৈত্রী: সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনা মোটেই 'তুচ্ছ' বিষয় ছিল না। এটি ছিল পুরোপুরি রাজনৈতিক ঘটনা। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও সেনা প্রধান ওই ঘটনার জন্য দায়ী।
ছাত্রলীগ (জাসদ): এ সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে জানায় ছাত্ররা যখন কারফিউ মাথায় নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল, তখন জনগণের টাকায় গড়া সেনাবাহিনীর সদস্যরা তাদের অকথ্য নির্যাচন চালায়।
সাধারণ শিক্ষার্থী: অগাস্ট বিক্ষোভের নিরপেক্ষ তদন্ত আহ্বান করে জাহেদুল ইসলাম বিপ্লব বলেন, আশা করি, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।"
উপকমিটির এই বৈঠকে অন্য তিন সদস্যের মধ্যে বীরেন শিকদার ছাড়া মির্জা আজম ও শাহ আলম উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অপর্ণা পাল, সহ সম্পাদক নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা; ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ; ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, খান আসাদুজ্জামান মাসুম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি মানবেন্দ্র দেব; ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর রুসমত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি আব্দুল হামিদ; জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও আজিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, দ্বীন ইসলাম ও খোমেনী এহসান এ দিন উপ কমিটির কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জেকে/১৭৩৮ ঘ.
bdnews24