২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দখল: ইটভাটা মালিককে ১৪ লাখ টাকা জরিমানা

ধলেশ্বরীর তীর ভরাট করে ইটভাটা তৈরির অভিযোগে কেরানীগঞ্জের এম বি সি ব্রিক ফিল্ডের মালিককে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় ভাটার ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

গাজীপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধলেশ্বরীর তীর ভরাট করে ইটভাটা তৈরির অভিযোগে কেরানীগঞ্জের এম বি সি ব্রিক ফিল্ডের মালিককে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় ভাটার ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দক্ষিণ কেরাণীগঞ্জের মোল্লারহাটের ওই ইটভাটায় অভিযান চালিয়ে একটি ড্রেজার, বালি বোঝাই ১টি জাহাজ, ড্রেজিংয়ে ব্যবহৃত ২৪টি পাইপ, ২ টন কয়লা ও ১০ লাখ ইট জব্দ করা হয়। র‌্যাব ও স্থানীয় ভূমি অফিসের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ৬ একর আয়তনের ওই ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। কৌশলে নদী ভরাট করে এর আয়তন বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিযানের সময় ভাটার ব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ভাটার মালিক মোসলেহ উদ্দিন মোল্লাও (৫৩) আত্মসমর্পণ করে। তারা দুজনই এখন পরিবেশ অধিদপ্তরের জিম্মায় আছেন। মুনীর চৌধুরী জানান, নদী দখলের অভিযোগে ভাটার মালিককে ১৪ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থ আদায় করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভরাট করা অংশ খনন করে নদী আগের অবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে মালিকের কাছ থেকে। ধলেশ্বরীর তীরে গড়ে ওঠা সব ইটভাটা মালিককে নদীর অবৈধ দখল ছেড়ে দেওয়ার আহ্বান জানান মুনীর চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/সিএস/জেকে/২৩৩৭ ঘ.