চাঁদপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে তিন মাদক বিক্রেতাকে ছয়মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর শাহীন খান নিজ কার্যালয়ে এই রায় দেন।
এরা হচ্ছে পুরান বাজারের পূর্ব শ্রীরামদী এলাকার শহীদ ছৈয়ালের ছেলে সেলিম ছৈয়াল (২৫), শহরের দক্ষিণ বিষ্ণুদী দর্জিঘাট এলাকার মোখলেস ভূঁইয়া (৪২) ও আব্দুস সাত্তার (২৮)।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পূর্ব শ্রীরামদী শাহাজাহান ছৈয়ালের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির রান্নাঘর থেকে ৩১টি ইয়াবা বাড়ি ও বসতঘর থেকে ৪১টি ভারতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাজাহান ভূঁইয়া পালিয়ে যায়। তার ভাই সেলিম ছৈয়ালকে আটক করা হয়।
ইব্রাহিম খলিল জানান, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী এলাকা থেকে মোখলেস ভূঁইয়া ও আব্দুস সাত্তার নামের দুই গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আড়াইশ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫২ ঘ.
bdnews24