২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক মামলায় অভিযুক্ত জামায়াতের ২০ নেতা-কর্মী

মিরপুরের একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরের একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে। বুধবার ঢাকার ৯ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল অভিযোগ গঠনের পর আগামী ৭ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন। অভিযোগ গঠনের সময় আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার এক আসামি রুবেল মৃধা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার আলাদাভাবে কিশোর অপরাধের আওতায় হবে বলে বিচারক আদেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মিজানুর রহমান মামুন। ২০১০ সালের ২৮ অক্টোবর মিরপুরের ১ নম্বর সেকশনের কলওয়ালাপাড়ার একটি বাড়ি থেকে এ ২০ জনকে গ্রেপ্তার করা হয়। মামলায় বলা হয়, তারা দেশবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করে সভায় মিলিত হয়েছিলেন। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই মিরপুর থানার উপপরিদর্শক গোলাম নবী বাদি হয়ে ২০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। গত বছরের ৩১ ডিসেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মজিবুর ও রুবেল ছাড়া অন্য আসামিরা হলেন- শফিকুল ইসলাম, তাজিজুর ইসলাম, মাহফুজুর রহমান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, ইদ্রিস খান, আবদুল্লাহ আল নোমান, ইয়াসিন, নাজমুল হাসান, হেমায়েত উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আব্দুল করিম আকন্দ, হারিজ মুহাম্মদ, মোয়াজ্জেম হোসেন, রোকন উদ্দিন, আহসানউল্লাহ পাটোয়ারি, রফি উদ্দিন ও অ্যাডভোকেট আবদুল হাই। অভিযুক্তদের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় মজিবুরসহ সব আসামি জামিনে রয়েছেন। কিন্তু রুবেল মৃধা এবং শফিকুল ছাড়া বাকি আসামিরা অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। অভিযোগ গঠনের শুনানিতে শফিকুল ও রুবেল আদালতে হাজির হন। অন্যদের কারাগার থেকে আদালতে আনা হয়। আইনজীবী রাজ্জাকের দাবি- মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। তারা দেশবিরোধী কোনো পরিকল্পনা করতে নয়, রুবেল মৃধার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই বাড়িতে জড়ো হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫০০ ঘ.