নোয়াখালী, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলামের হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
ছেলেকে রক্ষার জন্য এগিয়ে গেলে মুজাহিদের বাবা নূরুল করিম জিন্নাহকেও কুপিয়ে আহত করা হয়।
উপজেলা সদরে ছাত্রদল নেতার বাড়িতেই সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও মুজাহিদের পরিবারের সদস্যরা জানিয়েছে।
মুজাহিদুলের ভাই ফিরোজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর এলাকার সন্ত্রাসী নিজাম, নাসির, গাজী, কাজী এনায়েতসহ এক দল সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে হামলা চালায়। তারা মুজাহিদকে ঘর থেকে বের করে নিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়।
"ওই সময় আমার বাবা এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করে।"
এ বিষয়ে হাতিয়া থানার ওসি সুভাষ চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুজাহিদ ও তার বাবাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24