খুলনা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে নগরীতে দুর্বৃত্তের গুলিতে এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় ইসলামপুর রোডে এ ঘটনায় আহত তরুণের নাম প্রবীর দাস (১৬)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উত্তেজিত জনতা দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে।
খুলনা সদর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে এসে স্থানীয় 'সন্ত্রাসী সাঈদ' এক বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতাকে মুড়ি দিতে বলে। দিতে দেরি হওয়ায় সাঈদ বৃদ্ধকে গালাগাল দেয় ও থাপ্পড় মারে।
ওই সময় ওখানে উপস্থিত প্রবীর দাস এর প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে সাঈদ তার পিস্তল থেকে এক রাউন্ড গুলি করে। পেটে গুলি লাগলে প্রবীর গুরুতর আহত হন।
ওই সময় স্থানীয়রা ছুটে এলে সাঈদ মোটরসাইকল ফেলে পালিয়ে যায়। যাওয়ার সময় সে আরো তিন রাউন্ড গুলি চালায়। তবে এতে কেউ আহত হয়নি।
এ সময় জনতা সাঈদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়।
সন্ত্রাসী সাঈদকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৩ ঘ.
bdnews24