খুলনা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর একটি মোবাইল ফোন ডিলারের কার্যালয় থেকে নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে।
রোববার রাতে স্যার ইকবাল রোডে রাবেয়া চেম্বারে দ্বিতীয় তলায় গ্রামীণফোনের ডিলার মেসার্স রাজ্জাক ব্রাদার্সে চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।
দুর্বৃত্তরা নগদ অর্থ, মোবাইল ফোন সেট, সিমকার্ড ও মডেমসহ কয়েকলাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
রাজ্জাক ব্রাদার্সের হিসাবরক্ষক রতন সাহা সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাত ৮টায় তারা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান।
সোমবার সকাল ৮টায় তালা খুলে ভেতরের সবকিছু তছনছ দেখতে পান।
পরে তিনি চুরির বিষয়টি প্রতিষ্ঠানের মালিক সেলিম ভাটিয়া ও পুলিশকে জানান।
রাজ্জাক ব্রাদার্সের ব্যবস্থাপক খালিদ আহমেদ বলেন, চোরেরা ৬০ হাজার টাকা, চার লাখ টাকার মোবাইল সেট, তিন লাখ টাকার সিম, পাঁচ লাখ টাকার প্রি-পেইড কার্ড, আড়াই লাখ টাকার মডেম সিম কার্ডসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানের পূর্ব পাশের গ্রিল ও কাচের জানালার লক ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। পরে ২৭টি টেবিলের ড্রয়ার ভেঙে কিছু না পেয়ে ভল্ট ভেঙে নগদ অর্থসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24