২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গৃহবধুকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে এক গৃহবধুকে তার স্বামী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক গৃহবধুকে তার স্বামী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দৌলেশ্বর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান। নিহতের নাম হালিমা আফরোজ অমি (১৯)। ঘটনার পর থেকে স্বামী মামুন আহম্মদ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে অমির গায়ে কেরোসিন ঢেলে মামুন আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগে বলা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে অমিকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অমির চাচাতো ভাই নাদিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে মামুন জড়িত। রাতে বাসা থেকে বের হওয়া নিয়ে অমির সঙ্গে তার ঝগড়া হয়। মামুন একপর্যায়ে অমিকে মেরে অচেতন করে। পরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মামুনের সঙ্গে তার পরিবারের সদস্যরাও জড়িত বলে নাদিম অভিযোগ করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এফএফ/কেএমএস/১২৫৯ ঘ.