ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগে বিচারক হিসেবে নবনিযুক্ত বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি মো. শামসুল হুদা শপথ নিয়েছেন।
প্রধানবি চারপতি এবিএম খায়রুল হক সোমবার বেলা পৌণে ১১টার দিকে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রোববার এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন।
আইনজীবীরা জানান, শপথ অনুষ্ঠানের আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল প্রধান বিচারপতির কক্ষে গিয়ে নবনিযুক্ত দুই বিচারককে শপথ না করানোর জন্য অনুরোধ জানান। তারা প্রধান বিচারপতিকে বলেন, ৪৫/৫০ জনকে ডিঙ্গিয়ে এই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এদেরকে শপথ করাবেন না। যদি শপথ করান তাহলে তা ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রধান বিচারপতি এসময় শপথের পক্ষে কথা বললে তারা বেরিয়ে আসেন।
নতুন দুই বিচারককে নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাড়ালো ৯। আপিল বিভাগে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ ৭ জন বিচারক কাজ করছিলেন। এর আগে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠতম বিচারক শাহ আবু নাঈম মোমিনুর রহমান।
প্রধান বিচারপতি খায়রুল হক ১৭ মে অবসরে যাচ্ছেন। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ইতোমধ্যে মো. মোজাম্মেল হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সএন/কেএমএস/১১২৭ ঘ.
bdnews24