মাদারীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহর থেকে এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে মৌলভী আসমত আলী খান সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মেয়েটির বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামে। এবার সে রাজৈর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তার মামা বোরহান হোসাইন সাংবাদিকদের বলেন, চারদিনে আগে তার ভাগ্নি বাড়ি থেকে মাদারীপুর শহরে তাদের (মামার) বাড়ি আসে।
রোববার দুপুর ২টার দিকে মা-বাবার সঙ্গে ঢাকা যাওয়ার জন্য বের হলে এলাকার কয়েকজন বখাটে ছেলে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে।
এ সময় এলাকার লোকজন অপহরণকারীদের ধরে পুলিশে সোপর্দ করে।
মাদারীপুর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বলেন, অপহরণকালে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের নাজির আকন, ইউসুফ আকন, শহীদুল ইসলাম, সেন্টু হাওলাদার ও রিপন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অপহরণের প্রধান অভিযুক্ত মিরাজ কাজী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন ওসি।
ছাত্রীটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরাজ ও তার সঙ্গীরা স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে তাকে বিরক্ত করে আসছিল। দুপুরে ঢাকা যাওয়ার পথে তারাই অপহরণের চেষ্টা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.
bdnews24