নারায়ণগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুই জনের মৃত্যু হয়েছে।
রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় ও শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পীরবন্দী গ্রামের কাশেম হাওলাদার (৬০) ও অজ্ঞাত মহিলা (৪০)।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে শিমরাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক কাশেমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে নারায়ণগঞ্জ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
কাশেম হাওলাদার সিদ্ধিরগঞ্জে তার আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সকাল ১০টার দিকে একটি মাইক্রোবাস অজ্ঞাত (৪০) এক মহিলাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় জনতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি কামরুল বলেন, পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯৪৭ ঘ.
bdnews24