যশোর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় যশোরের একটি স্কুলের শিক্ষার্থীরা এক পল্লী চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তার দোকানে ভাংচুরও করে তারা।
এরপর ওই শিক্ষার্থীরা প্রায় দু'ঘন্টা যশোর-ছুটিপুর সড়ক অবরোধ করে।
পরে পুলিশ গিয়ে অভিযুক্ত পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
রোববার সকালে সদর উপজেলার নারাঙ্গালীতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পল্লী চিকিৎসক হাবিবুর রহমান পালিয়ে গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, সকাল ৮টার দিকে নারাঙ্গালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই যশোর শহর থেকে স্কুলে যাচ্ছিলেন।
নারাঙ্গালী বাজারে পৌঁছুলে স্থানীয় পল্লী চিকিৎসক হাবিবুর রহমান তাকে অশ্লীল ভাষায় গালাগাল দেন এবং জুতোপেটা করেন।
স্কুলে খবরটি পৌঁছুলে ওই স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাবিবুর রহমানের ওষুধের দোকানে ভাংচুর করে এবং তার বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
এরপর বেলা ৯টায় শিক্ষার্থীরা যশোর-ছুটিপুর সড়ক অবরোধ করে।
পরে তিনি (ওসি) ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পল্লী চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেয়।
তবে কী কারণে শিক্ষককে ওই চিকিৎসক লাঞ্ছিত করেছেন তা পুলিশ কর্মকর্তা জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৭ ঘ.
bdnews24