২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মৌচাষীদের সার্বিক সহযোগিতা দেবে সরকার'

বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মধু উৎপাদনে চাষীদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মধু উৎপাদনে চাষীদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সম্মেলনে মৌচাষীদের দাবির পরিপ্রেক্ষিতে সহযোগিতার এ আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। মন্ত্রী বলেন, "মধু ভেষজ গুণ সম্পন্ন একটি উপকারী প্রাকৃতিক নির্যাস। বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু উৎপাদন হচ্ছে। কিন্তু মৌচাষীরা তাদের উৎপাদিত মধু ঠিকমতো বাজারজাত করতে পারে না। বিদেশি মধু এখনো দেশের বাজার দখল করে আছে। "তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত মধু চাষীরা যাতে বাজারজাত করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে।" মৌচাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এছাড়া মৌচাষীদের দাবি অনুযায়ী, বিদেশ থেকে আমদানি করা মধুর উপর করের পরিমাণ বাড়ানোরও আশ্বাস দেন ফারুক খান। দেশি মধু বেশিদিন সংরক্ষণের জন্য চাষীদেরকে উন্নত মানের প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী। মৌচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এবাদুল্লাহ আফজাল বলেন, দেশে মধু আহরণের ইতিহাস অনেক প্রাচীন। বর্তমানে কয়েক হাজার মৌচাষী বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু চাষ করছে। এ পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে প্রায় আড়াই হাজার মেট্রিক টন মধু। "তবে সংরক্ষণের জায়গার অভাবে এবং বিদেশি মধু দেশের বাজার দখল করে রাখায় চাষীরা ব্যবসায় পুরোপুরি সফল হতে পারছে না,' দাবি আফজালের। এ খাতের উন্নয়নে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠাসহ বেশ কয়েকটি দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এসব দাবির মধ্যে রয়েছে-একটি স্বয়ংক্রিয় শোধনাগার, মৌ চাষ বিমার আওতায় আনা, উন্নত প্রজাতির মৌমাছি আমদানি ও মধু রপ্তানির সুযোগ দেওয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে মধু ও মৌ চাষ অন্তর্ভুক্ত করা। মৌ চাষী কল্যাণ সমিতি আয়োজিত ওই সম্মেলনে আরো বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. দুলাল হোসেন, উপদেষ্টা এ এফ এম ফখরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৭৫৪ ঘ.