চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে দুটি চোরাই সিএনজি অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত নগরীর পাহাড়তলী বাজার এবং হালিশহর বড়পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- হাবিবুর রহমান (৩০), আবু তাহের (২৮) ও মো. সামশুজ্জামান (৩৯)।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার নগরীর পাঁচলাইশ এলাকার রুপন দাশ নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। পরে অটোরিকশা চোর দলের এক সদস্য তাকে মোবাইল ফোনে ৮০ হাজার টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে বলে।
এ ঘটনায় রুপন দাশ কোতয়ালী থানায় অভিযোগ করলে পুলিশ নগরীর পাহাড়তলী বাজার থেকে বুধবার রাত সাড়ে ১১টায় সামশুকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হালিশহর বড়পুল থেকে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আরো দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর পাঁচলাইশ ও সীতাকুণ্ডের কুমিরা থেকে চুরি যাওয়া অটোরিকশা দুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ অটো রিকশা চোরচক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/পিডি/২০১০ ঘ.
bdnews24