২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনূসকে চেয়ারম্যান করার দাবি গ্রহণযোগ্য নয়'

ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার দাবি গ্রহণযোগ্য নয় মন্তব্য করে অর্থমন্ত্রী জানিয়েছেন, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আপাতত ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রামীণ ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমই আপাতত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন। "নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করার জন্য একটি সার্চ কমিটি গঠন করা হবে। এ জন্য তিন মাসের মতো সময় লাগবে।" গ্রামীণ ব্যাংকের পর্যালোচনা কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি মুহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান করার যে দাবি জানিয়েছে- সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, এ দাবি গ্রহণযোগ্য নয়। কর্মচারীরা কতোটা স্বাধীনভাবে এ দাবি করেছেন সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। মুহিত বলেন, "আমরা গ্রামীণ ব্যাংক নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আইনজীবীদের সঙ্গে বসবো।" তবে ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনো পরিবর্তন হচ্ছে না বলেই জানান তিনি। গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটি গত ২৫ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন দেওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই প্রতিবেদনের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের এখতিয়ার বহির্ভুত কর্মকাণ্ডের খবর প্রকাশিত হয়। বৃহস্পতিবার ওই প্রতিবেদনটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন অর্থমন্ত্রী। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে িি(.িসড়ভ.মড়া.নফ) প্রতিবেদনটি পাওয়া যাবে। পর্যালোচনা কমিটির এই তদন্ত চলাকালে গত ২ মার্চ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে। ইউনূসের আরো শুনানির আবেদনও গত ৫ মে খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এই পরিপ্রেক্ষিতে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার জন্য আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। গ্রামীণ ব্যাংক রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক এবং একটি অধ্যাদেশের মাধ্যমে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। "ড. ইউনূস বলেছেন, তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। আমি এ বিষয়ে তার সঙ্গে দ্বিমত পোষণ করি।" ইউনূসকে বাংলাদেশের 'অহঙ্কার' অভিহিত করে মুহিত বলেন, সরকার চায়, তার বিদায়ের বিষয়টি সম্মানজনক হোক। "আমরা তাকে সম্মান করি। শুধু এ কারণেই আদালতের রায়ের পরও গ্রামীণ ব্যাংকে তার অফিস করা নিয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।" মন্ত্রী আরো বলেন, "সরকারের অনেকগুলো ব্যাংক আছে। সব ব্যাংকেই একজন করে এমডি আছেন। বিদেশে যাওয়ার আগে সরকারের কাছ থেকে তাদের অনুমতি নিতে হয়। কিন্তু ড. ইউনূসের বিদেশ সফর নিয়ে সরকার কখনো ইনটারফেয়ার করেনি।" গ্রামীণ ব্যাংকে ইউনূসের 'অফিস করা' প্রসঙ্গে মুহিত বলেন, ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে গত ২৮ বছর ধরে তিনি (ইউনূস) দায়িত্ব পালন করে আসছেন। অবসরে যাওয়ার আগে নিজের কাজ ও নথিগুলো গুছিয়ে নিতে তার কিছুটা সময় লাগবেই। "আমিও যখন ২৫ বছর কাজ করার পর চাকরি থেকে অবসরে যাই, সব গুছিয়ে নিতে আমারো প্রায় এক মাস সময় লেগেছিল।" অন্যদের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী ও যুগ্ম সচিব গোকুল চাঁদ দাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২১৩৫ ঘ.