২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: তদন্তে আবার সময় চাইলো সিআইডি

১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তে আবারও সময় চাইলো সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তে আবারও সময় চাইলো সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপরে আইনজীবীর মাধ্যমে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলামের আদালতে এ আবেদন জানান। এবারে আইও অধিকতর তদন্তের জন্য ৬০ দিন সময় চেয়েছেন। মনিরুজ্জামান পুনরায় ৬০ দিন সময় চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার অধিকতর তদন্তের মেয়াদ এ পর্যন্ত ১২ বার বাড়ানো হয়েছে। গত ৩০ মার্চ অধিকতর তদন্তের জন্য আর সময় চাইবেন না এমন কথা বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছ থেকে ৪৫ দিন সময় বাড়িয়েছিলেন। আগামী রোববার আলোচিত এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ শেষ হচ্ছে। ওইদিন অধিকতর তদন্তের মেয়াদ বাড়ানোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপরে আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন। মামলার আইও মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের স্বার্থেই আবার সময় চাওয়া হয়েছে। সর্বশেষ মেয়াদের সময় যেসব বিষয় উঠে এসেছে তা যাচাই-বাছাই করা প্রয়োজন। ২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে অধিকতর তদন্তে আইও পরিবর্তনের নির্দেশ দেন। ২০০৪ সালে ১ এপ্রিল গভীর রাতে সংরক্ষিত সিইউএফএল জেটি ঘাটে পাচারের সময় ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। অস্ত্র ও গোলাবারুদগুলো সেন্ট মার্টিন এলাকার বঙ্গোপসাগরের গভীরে বড় জাহাজ থেকে দুটি ট্রলারে করে সিইউএফল জেটি ঘাটে নিয়ে খালাস করা হয়। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামন বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)র সাবেক দুইপ্রধানসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮২০ ঘ.