২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার পৌরসভার টেন্ডার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

কক্সবাজার পৌরসভার প্রায় ৬ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় হেলাল উদ্দিন নামের একজনকে গ্রেপ্তর করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

কক্সবাজার, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার পৌরসভার প্রায় ৬ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় হেলাল উদ্দিন নামের একজনকে গ্রেপ্তর করেছে পুলিশ। বুধবার দুপুরে কক্সবাজার পৌর এলাকার এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। হেলালকেও এ মামলার আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শাহজাহান। সংশ্লিষ্টরা জানান, কক্সবাজার পৌরসভায় দুটি প্রকল্পের আওতায় ৩টি গ্র"পে প্রায় ৬ কোটি টাকার ৭টি কাজের দরপত্র ডাকা হয় গত ২৩ মার্চ। বুধবার ছিল ওই দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ঠিকাদারী প্রতিষ্ঠান 'জাকের উল্লাহ এন্ড ব্রাদার্স' এর পক্ষে হেলাল উদ্দিন দুপুরে দরপত্র জমা দিতে পৌর কার্যালয়ে গেলে আরেক ঠিকাদার শহিদুল হক সোহেলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের হাতে আটক হওয়ার আগে হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, বেলা ১২টার দিকে তিনি দরপত্র জমা দিতে পৌরসভা কার্যালয়ে গেলে শহিদুল হক সোহেল তাকে বাধা দেন। হেলালের দাবি, কাজের ভাগাভাগি নিয়ে মঙ্গলবার রাতেই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ, কাউন্সিলর সিরাজুল হক, মাহবুবুর রহমান ও আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদের উপস্থিতিতে সরকার দলীয় লোকজন শহরের এলিন পার্ক হোটেলে সমঝোতা বৈঠকে বসে। ওই বৈঠকে দুটি গ্র"পের কাজের সমঝোতা হলেও একটি গ্র"পের কাজ নিজেদের নিয়ন্ত্রণে রাখে সরকারি দলের সমর্থকরা। এ অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে ঠিকাদার শহিদুল হক সোহেল দাবি করেন, তিনি দরপত্র জমা দিতে কাউকে বাধা দেননি। বরং তাকেই বাধা দেওয়া হয়েছে। এ কারণেই সংঘর্ষ হয়েছে বলে দাবি করেন তিনি। অবশ্য মঙ্গলবার রাতে সমঝোতা বৈঠকের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন সোহেল। তার দাবি, বৈঠক হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নেছার আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দপ্তরে দরপত্রের বাক্স থাকলেও সেখানে কোনো ঝামেলা হয়নি। 'গণ্ডগোল' হয়েছে পৌরসভা কম্পাউন্ডের বাইরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো ধরনের সমঝোতা বৈঠকের কথা জানেন না বলেও দাবি করেন এই কর্মকর্তা। কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে হেলাল উদ্দিন নামের এক জনকে আটক করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" সংঘর্ষের ঘটনায় শহিদুল হক সোহেল বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন বলেও জানান ওসি। টোলিফোনে যোগাযোগ করা হলে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ বলেন, তিনি কক্সবাজারের বাইরে। কোনো সমঝোতা বৈঠকেও তিনি অংশ নেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১৩৮ ঘ.