২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে আগুন, লাফিয়ে পড়ে আহত ২০

চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরায় আতঙ্কে লাফিয়ে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

রাজশাহী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরায় আতঙ্কে লাফিয়ে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্য ইঞ্জিন দিয়ে একঘণ্টা পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে কর্তৃপক্ষ জানায়। মঙ্গলবার রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর ও সারদার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে ট্রেনটি বেলপুকুর রেলক্রসিং অতিক্রম করার পর সারদা রেল স্টেশনের কাছে এলে ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ইঞ্জিনের পাশের একটি বগি থেকে দায়িত্বরত টিটি শহীদুল ইসলাম লাফিয়ে পড়ে চিৎকার করতে থাকেন। এরপর আতঙ্কিত যাত্রীরাও লাফ দেওয়া শুরু করে। ওই সময় ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। টিটি শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনিসহ লাফিয়ে পড়া যাত্রীরা সামান্য আঘাত পেয়েছেন। ট্রেনটি না থামলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিলো। আগুন ধরার বিষয়টি স্বীকার করে রাজশাহী রেলের সুপারিনটেনডেন্ট আলী আকবর জানান, ট্রেনটির পেছনে একটি অতিরিক্ত ইঞ্জিন ছিলো। সারদা স্টেশনে এসে ইঞ্জিনটি সামনে লাগিয়ে প্রায় একঘণ্টা পর আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১২ ঘ.