নড়াইল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিন তাড়ানোর 'চিকিৎসায়' প্রাণ হারালেন নড়াইলের গৃহবধূ পল্লবী খানম।
সোমবার বিকাল ৫টার দিকে নড়াইল শহরতলীর মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ 'জিনের চিকিৎসক' হাফেজ মাকসুদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মাছিমদিয়ার গোলাম মোস্তফার স্ত্রী পল্লবী খানম (৪০) কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে জিনে ধরেছে ভেবে বাঁশগ্রাম ইউনিয়নের শম্ভুডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাকসুদুল্লাহকে (৫৮) চিকিৎসার জন্য আনা হয়।
পরিবারের সদস্যদের সামনে তাকে জিন তাড়ানোর চিকিৎসা শুরু করেন হাফেজ মাকসুদুল্লাহ।
পল্লবী খানমের ভগ্নিপতি ফরিদ মোল্লা জানান, ফকির প্রথমে সুতা পড়া দিলে কোনো কাজ হয়নি। পরে পল্লবীর মুখে গামছা দিয়ে পানি ঢালতে থাকেন। তিন দফায় প্রায় ১৫ মিনিটি এভাবে পানি ঢালার পর পল্লবীর দেহ নিস্তেজ হয়ে আসে।
এ অবস্থায় সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে।
হাফেজ মাকসুদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্লবীকে জিনে ধরেছিল। জিন ছাড়ানোর চিকিৎসা করতে গিয়ে তার মুখ গামছা দিয়ে ঢেকে পানি ঢালার সময় অসুস্থ হয়ে পড়ে। পরে মারা যায়।
তিনি আট বছর ধরে জিন ছাড়ানোর চিকিৎসা করছেন বলে জানান।
পল্লবীর মেয়ে লতা তার মায়ের মৃত্যুর জন্য দায়ী হাফেজ মাকসুদুল্লাহর বিচার দাবি করেছেন।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বাবু জানান, মারা যাওয়ার পরই গৃহবধূকে হাসপাতালে আনা হয়। এ ধরনের চিকিৎসায় রোগী শ্বাসবন্ধ হয়ে মারা যেতে পারে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, পুলিশ হাফেজ মাকসুদুল্লাহকে আটক করেছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24