২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার নয়, উল্টো মামলা পেলাম'

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু কলেজ ছাত্র লিমন জামিনে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের বলেছেন, তিনি অপরাধ দমনকারীদের 'অপরাধের' শিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সাইদ মেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "জীবনে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। বসে বসেই আমার জীবন একদিন শেষ হবে। ন্যায় বিচার তো পেলামই না, উল্টো র‌্যাব আমার বিরুদ্ধে মামলা করেছে।" বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বের হয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু কলেজ ছাত্র লিমন। হাইকোর্টের জামিনের আদেশের তিন দিন পর সোমবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। লিমন প্রিজন সেল থেকে বের হতেই হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মা বাবা ও স্বজনরা পর্যায়ক্রমে লিমনকে বুকে জড়িয়ে কাঁদতে থাকেন। লিমনের মা হেনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, "আমি লিমনের জামিনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।" লিমনের জামিনের ব্যাপারে সহযোগিতা দেওয়ায় আইনজীবী ও সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র‌্যাবের গুলিতে আহত হন উচ্চ মাধ্যমিকের ছাত্র লিমন হোসেনের লিমন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। লিমনের দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। অন্যদিকে র‌্যাব বলছে, লিমন সন্ত্রাসীদের সহযোগী। ঘটনার দিনই অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দান, হত্যা চেষ্টা ও র‌্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনকে আসামি করে দুটি মামলা করে র‌্যাব। অন্য মামলায় জামিন হলেও অস্ত্র মামলায় লিমনকে কারাগারে পাঠানোর আদেশ হয়। লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি গণমাধ্যমে উঠে এলে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিভিন্ন মহলের সমালোচনার মুখে গত ১১ এপ্রিল খোদ র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছিলেন, লিমন অবস্থার শিকার হতে পারে। সে দুর্ঘটনার শিকারও হতে পারে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি আবেদনে বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চ লিমনকে অস্ত্র মামলাতে র্অর্ন্তবতীকালীন জামিন দেয়। একই সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ওই ঘটনা তদন্তে কেন বিচার বিভাগীয় কমিশন হবে না, তার কারণ জানাতে সরকারকে আদেশ দেওয়া হয়। সেই আদেশ ঝালকাঠী মুখ্য বিচারিক হাকিম ও জেলা কারাগার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর সোমবার বিকেলে হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় লিমনকে। লিমনের মায়ের আইনজীবী মানিক লাল আচার্য্য জানান, সরকারি ছুটি ও আদেশের কাগজপত্র না পৌঁছানোর কারণেই জামিনের পর মুক্তি পেতে তিনদিন দেরি হলো। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডা. বাবুল কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিমনকে প্রিজন সেল থেকে বের করে হাসপাতালের সার্জারি ইউনিট-২ এ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 'লিমনের চিকিৎসায় এগিয়ে আসুন' লিমন প্রিজন সেল থেকে বেরিয়ে আসার পর তার মা হেনোয়ারা বেগম বলেন, "এখন যদি লিমনের কৃত্রিম পা লাগাতে পারি এবং দায়ী র‌্যাব সদস্যদের বিরুদ্ধে ন্যায় বিচার পাই- তাহলে আমার আর চাওয়ার কিছু থাকবে না।" ছেলের উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের সাহায্য চান তিনি। লিমনের বাবা তোফাজ্জেল হোসেন ঘটনায় জড়িত র‌্যাব সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে ছেলের পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। লিমন উপস্থিত সাংবাদিকদের বলেন, "একদিন জানতাম র‌্যাব সদস্যরা ক্রাইম দমন করে। এখন দেখলাম তারা নিজেরাই ক্রাইম করে। আমি নিজেই এর জলন্ত প্রমাণ।" আইনজীবী মানিক লাল আচার্য্য জানান, অস্ত্র মামলায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে সোমবার লিমনের জামিনের শুনানি হওয়ার কথা ছিলো। হাইকোর্টের জামিন পাওয়ায় ওই আবেদন প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৩৫ ঘ.