শেরপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের সীমান্তবর্তী গ্রামে আবার বিপুল পরিমাণ গুলি পাওয়া গেছে। এবার প্রায় ১ হাজার রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
সোমবার সকালে ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গুচ্ছগ্রাম থেকে রাইফেলের ৯৯৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ২০১০ সালের ১৮ ডিসেম্বর একই গ্রাম থেকে ১৩ হাজার ৬৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে গুচ্ছগ্রামের একটি বাড়ি থেকে ৯৯৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দুজন জনকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাকাকুড়া গ্রামের মোহাম্মদ আলী (৩০) এবং পাশের দুপুরিয়া গ্রামের আশরাফুল ইসলাম (২৬)।
আলীর বাড়িতে একটি গর্ত থেকে পলিথিনের বস্তায় মোড়ানো গুলিগুলো উদ্ধার করা হয়। আলী এলাকায় আলী চোরা নামে পরিচিত। তিনি সাতটি মামলার ফেরারী আসামি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা আনিসুর সাংবাদিকদের বলেন, রোববার বিকেলে শেরপুর শহরের নয়ানী বাজার থেকে আলীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আলীর দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির উঠানে একটি গর্ত থেকে গুলিগুলো পাওয়া যায়।
গুলিগুলো একটি প্লাস্টিকের প্যাকেটের ভেতরে চারটি কাগজের প্যাকেটে ছিলো। মাটি খুঁড়ে উদ্ধারের পর গুলিগুলো ঝিনাইগাতী থানায় আনা হয়েছে। আলীকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশরাফকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক সজিব খান বাদি হয়ে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
আলীর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে ঝিনাইগাতি থানার ওসি আব্দুর রব প্রধান জানান। তবে আলী থানায় সাংবাদিকদের বলেন, উদ্ধার করা গুলির বিষয়ে কিছুই তার জানা নেই।
উদ্ধারকৃত গুলিগুলো কোথেকে, কী জন্য আনা হয়েছিলো- তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এটা তদন্তের পর জানা যাবে, বলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার।
পাঁচ মাস আগে উদ্ধার অস্ত্রের চালান ভারতের আসামের বিদ্রোহী সংগঠন উলফার বলে ওই সময় সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি কর্মকর্তারা জানিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএসএইচ/এফএফ/এমআই/১২৫০ ঘ.
bdnews24