২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখে ছানি পড়া রোগ নির্মূলে নতুন কর্মসূচি

বাংলাদেশ থেকে চোখে ছানি পড়া রোগ নির্মূলে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি পরীক্ষামূলক প্রকল্পের অধীনে সিলেট অঞ্চলের ১২টি জেলা এর আওতায় থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে চোখে ছানি পড়া রোগ নির্মূলে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি পরীক্ষামূলক প্রকল্পের অধীনে সিলেট অঞ্চলের ১২টি জেলা এর আওতায় থাকবে। রোববার রাজধানীতে এই প্রকল্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারের সহযোগিতায় ব্র্যাক ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা সাইটসেভারস এই প্রকল্প বাস্তবায়ন করবে। ২০০৩ সালের এক জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক দৃষ্টিহীন নারী-পুরুষের সংখ্যা প্রায় ৭ লাখ ৫০ হাজার। এছাড়া শিশু রয়েছে ৪০ হাজার। যাদের মধ্যে প্রায় ৮০ শতাংশই ছানি পড়া রোগে আক্রান্ত হয়ে অন্ধত্ব বরণ করেছে। প্রতিবছর আনুমানিক দেড় লাখ নতুন রোগী যোগ হচ্ছে এর সঙ্গে। জাতীয় চক্ষু পরিচর্যা কর্মসূচির পরিচালক প্রফেসর দীন মোহাম্মদ নূরুল হক বলেন, ২০০৩ সালের মধ্যে আমরা সিলেট অঞ্চল থেকে চোখে ছানি পড়া রোগ নির্মূল করবো। এরপর সারাদেশে এই কর্মসূচি শুরু হবে। ২০২০ সাল নাগাদ দেশ থেকেই এই রোগ নির্মূল করতে চাই। তিনি জানান, সিলেট অঞ্চলের ওই ১২ উপজেলার রোগিরা চক্ষু পরীক্ষা, চিকিৎসা, অস্ত্রোপচার প্রক্রিয়া এবং এর পরবর্তী চিকিৎসা বিনা খরচে পাবেন। প্রাথমিক চক্ষু পরিচর্যা প্রশিক্ষণের মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থার স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে বলেও জানান দীন মোহাম্মদ। সিলেটকে পরীক্ষামূলক প্রকল্প এলাকা হিসাবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ অঞ্চলে ৬০ হাজারের মতো মানুষ অন্ধ, যাদের মধ্যে ৪৫ হাজারই চোখের ছানি পড়া রোগে আক্রান্ত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইটসেভারস-এর প্রধান নির্বাহী ড. ক্যারোলিন হারপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/পিডি/২১৪৭ ঘ.