ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে তিন আইনজ্ঞের বক্তব্য শুনবে আপিল বিভাগ। তারা হলেন- ব্যারিস্টার রফিক উল হক, মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি।
রোববার এ তিন জনকে অ্যামিকাস কিউরিয়া মনোনীত করা হয়। আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এদিন শুনানির পর সোমবার পর্যন্ত তা মুলতবি করা হয়েছে।
সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদের রিট আবেদনে গত বছরের ২৬ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চ সপ্তম সংশোধনী সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেয়। পাশাপাশি এইচএম এরশাদের সামরিক শাসনকেও সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হয়।
সিদ্দিকের আবেদনে সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণার রায় এসেছিলো। তবে সিদ্দিকের সাজা এখনো বহাল রয়েছে।
গত ১১ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সিদ্দিক আহমেদ আপিল আবেদন করেন। পাশাপাশি নিজের জামিনেরও আবেদন করেন তিনি।
আদালতের নির্দেশ অনুসারে সিদ্দিক গত ৭ এপ্রিল নিু আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানের তিনি কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪০০ ঘ.
bdnews24