গাজীপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহসান উল্যাহ মাস্টার হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তার ছেলে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।
শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ মামলার রায়ে ৩০ আসামির মধ্যে ২২ জনকে ফাঁসি, ৬ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দেন। এদের মধ্যে ১৮ জন গ্রেপ্তার ও ১০ জন পলাতক রয়েছে।
গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্যাহ মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী শনিবার। এ উপলক্ষে সকাল ৯টায় তার গ্রামের বাড়ি গাজীপুর সদরের হায়দরাবাদে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়াসহ নানা কর্মসূচি পালিত হবে।
পরে টঙ্গীর বাসভবনে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০০৪ সালের ৭ মে দুপুরে টঙ্গীর বাসভবন সংলগ্ন নোয়াগাঁও হাইস্কুল মাঠে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাবেক সংসদ সদস্য ও শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান উল্যাহ মাস্টার। ওই ঘটনায় তার ভাই মতিউর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
মতিউর রহমান বলেন, "ছয় বছর পার হলেও ওই মামলার রায় বাস্তবায়ন হয়নি। এই মামলার অনেক আসামি এখনো পলাতক।"
আহসান উল্যাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর সদর-টঙ্গী (গাজীপুর-২ আসন) আসন থেকে দুই দফায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৩ সালে অনুষ্ঠিত পূবাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ও ১৯৯০ সালে অনুষ্ঠিত গাজীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৮৩৮ ঘ.
bdnews24