সাভার, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তিন ট্রাক লোহার পাত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চালকসহ গ্রেপ্তার হয়েছে ৪ জন।
শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন চালক নাছির উদ্দিন (২২), ছানোয়ার হোসেন (৩২), পরিমল সাহা (৩২) ও মনসুর আলী (৪০)।
এসআই আইয়ুব খান জানান, আশুলিয়ার নিরিবিলি এলাকায় সেতু ফাউন্ডেশন নামের এক প্রতিষ্ঠানের গুদাম থেকে একদল চোর সেতু তৈরির লোহার পাত চুরি করে তিনটি ট্রাকে তুলে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের দুই নম্বর ফটকের সামনে থেকে ট্রাক তিনটি আটক করা হয়।
এ সময় নাসির, সানোয়ার, পরিমাল ও মনসুর নামে চার জনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া লোহার পাতের দাম আনুমানিক ১৫ লাখ টাকা বলে এসআই আইয়ুব জানান।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৭৩১ ঘ.
bdnews24