২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা সামছুল আরেফিনকে বৃহস্পতিবার রাতে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ফেনী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা সামছুল আরেফিনকে বৃহস্পতিবার রাতে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেলা যুবলীগ সদস্য ও সোনাগাজী আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জহির সাংবাদিকদের জানান, রাতে আরেফিন সোনাগাজী বাজার থেকে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। মগেরপুল এলাকায় পৌঁছলে আরেকটি অটোরিকশা তার গতিরোধ করে। গাড়ি থেকে ৫/৬ জনের একদল মুখোশধারী নেমে এসে চাপাতি, রামদা, রড ও হকিস্টিক দিয়ে আরেফিনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান জহির। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গভীর রাতে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে ফেনী সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরেফিনের মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে। তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান তিনি। দলীয় শৃঙ্খলা অমান্যের অভিযোগে গত ২৬ এপ্রিল জেলা আওয়ামী লীগের সভায় উপজেলা সভাপতি জেড এম কামরুল আনাম ও সাধারণ সম্পাদক সামছুল আরেফিন নেতৃত্বাধীন সোনাগাজী উপজেলা কমিটি বাতিল করা হয়। এখনো সেখানে নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরী বলেন, যারাই এ ঘটনার নেপথ্যে থাকুক, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সোনাগাজী থানার ওসি মো. খুরশীদ আলম সাংবাদিকদের জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/কিউএইচ/কেএমএস/১৩৪৩ ঘ.