২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়লো জ্বালানি তেলের দাম

ডিজেল, পেট্রল, কেরসিন, অকটেন ও ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজেল, পেট্রল, কেরসিন, অকটেন ও ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ডিজেলের দাম হবে ৪৬ টাকা, কেরসিন ৪৬ টাকা, পেট্রল ৭৬ টাকা, অকটেন ৭৯ টাকা এবং ফার্নেস অয়েল ৪২ টাকা। ডিজেল, কেরসিন, অকটেন ও ফার্নেস অয়েল বিক্রির ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লিটার প্রতি যথাক্রমে ৩৩ টাকা ৪৪ পয়সা, ৩২ টাকা ৪৯ পয়সা, ৮ টাকা ২০ পয়সা এবং ১২ টাকা ৯৬ পয়সা ভর্তুকি দিচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। আন্তর্জাতিক বাজারে দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিগত তত্ত্বাবধায়ক সরকার জ্বালানি তেলের দাম দুই দফা বাড়িয়েছিলো। এরপর বহির্বিশ্বে দাম কমলে ওই সরকারই দুই দফা দাম কমায়। বর্তমান সরকার ডিজেল ও কেরসিনের দাম এক দফা কমিয়েছিলো। তবে ফার্নেস অয়েলের দাম এর আগে দুই দফায় বাড়িয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এমআই/১৯৪৬ ঘ.