২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের আবেদনের বিষয়ে আদেশ বৃহস্পতিবার

সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আদেশ দেবে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আদেশ দেবে আপিল বিভাগ। আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ বুধবার সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর আদেশের দিন ঠিক করে। আদালতে ইউনূসের পক্ষে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ। গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের পক্ষে ছিলেন সারাহ হোসেন। সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ছিলেন তৌফিক নেওয়াজ। বুধবার শুনানিতে সারাহ হোসেন বলেন, "হাইকোর্টে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপক্ষ বলেছিলো, ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা অনুযায়ী ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা হাইকোর্টের রায়ে রেকর্ড রয়েছে। কিন্তু আপিল বিভাগে এসে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছেন।" "এখন বলছেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ (১) অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবস্থান পরিবর্তন সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী মঙ্গলবার আদালতে বলেছেন, হাইকোর্ট বিষয়টি ভুল করতে পারে।" "হাইকোর্ট এরকম অনেক ভুল করেছে। তাই আমাদের আবেদনটি শুনানির জন্য আবার হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে পাঠানো হোক। অথবা আপিলের অনুমতি দেওয়া হোক।" অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ সরাসরি খারিজ করে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের করা আপিলের আবেদন গত ৫ এপ্রিল খারিজ করে আপিল বিভাগ। কিন্তু ইউনূস এ বিষয়ে আরো শুনানি ও আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদন করেন। যার শুনানি একই বিষয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালকদের আপিলের আবেদনের সঙ্গে হচ্ছে। সারাহ বলেন, "হাইকোর্টে আমাদের মামলার শুনানি হয়নি। সেখানে এ ইস্যুতে নয় পরিচালকের আদালতে আসার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, আমরা নাকি সংক্ষুব্ধ নই। "কেন এই পরিচালক আদালতে আসতে পারবে না? এরা তো ওই ব্যাংকের শেয়ার হোল্ডার। ৮৩ লাখ শেয়ার হোল্ডারের নির্বাচিত প্রতিনিধি। ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে তার শিকার এরাও হবেন।" "অন্যান্য ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডাররা তো আদালতে এসে অহরহ রুল ও আদেশ নিয়ে যাচ্ছে। তবে কি গরিব হওয়া, স্যুট-টাই না পরার কারণে এরা আদালতে আসতে পারবে না", প্রশ্ন করেন সারাহ। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী কার্যরত পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগের বিধান রয়েছে- এ তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারাহ বলেন, "তিনি বাংলাদেশ ব্যাংকের দুটি চিঠি নিয়ে এসে বললেন, আপনি (ইউনূস) আর এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নন। অথচ ওই চিঠিতে অব্যাহতির কথা জানিয়ে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিচালনা পরিষদকে বলা হয়েছে। তার মানে নিয়োগ ও পদচ্যুতির চূড়ান্ত ক্ষমতা যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সেটা বাংলাদেশ ব্যাংকও স্বীকার করে নিয়েছে।" এর আগে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, "ইউনূসের অব্যাহতি দেওয়ার আদেশে ব্যাংকের নয় পরিচালক হাইকোর্টে আসার এখাতিয়ার নেই। কারণ এখানে পুরো পরিচালনা পরিচালনা পরিষদ আসেনি। আংশিক আসতে পারেন না।" তিন দশক আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকেই ইউনূস এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠাকালে এ ব্যাংকে সরকারের মালিকানা ৬০ শতাংশ থাকলেও বর্তমানে তা ২০ শতাংশে নেমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯২০ ঘ.